ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রী কষ্ট পাচ্ছেন: ওবায়দুল কাদের

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম

হামলাকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জন ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, হামলাকারীদের যে ফুটেজ ছিল তা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। তারা পরপর দুইবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছিল। তারা শেখ হাসিনার সকল অর্জন ধ্বংস করতে চায়। এসব ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রী কষ্ট পাচ্ছেন।

মন্ত্রী আরো বলেন, এটা সাধারণ ছাত্র-ছাত্রীদের কাজ না। বিএনপি-জামায়াত এই আন্দোলনের পর ভর করেছে। তাদের দীর্ঘ দিনের ব্যর্থতার জন্য এমন হামলা। তারা গণতন্ত্র মানে না- তারা আগুন ও অস্ত্র নিয়ে নেমেছে।

মেট্রোরেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষ এখন ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। মেট্রোরেল কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের ওপর ভর করে যারা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী যখন যেখানে যা করার, আমরা তাই করব বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত