কমলগঞ্জে ঘরে আগুন দিয়ে প্রবাসীকে হত্যার চেষ্টা

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৩৬ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে মোস্তাকার হোসেন নামে এক ওমানপ্রবাসীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ প্রবাসী মোস্তাকারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আধকানি গ্রামের আবদুল বাছিতের ছেলে মোস্তাকার হোসেন। সম্প্রতি মোস্তাকার প্রবাস থেকে দেশে ফেরেন। ৯ জুলাই বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করেন। নির্মাণকাজ চলাকালে পাশের বাড়ির মৃত আরিফ মিয়ার ছেলে রাজু আহমদ পারভীন কিছু লোক নিয়ে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেয়।

এ বিষয়ে মোস্তাকার জানতে চাইলে, পারভীন জমিটি তার বলে দাবি করে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। গত শুক্রবার রাত ৩টার দিকে মোস্তাকারের বাড়ির গ্যারেজ ও নির্মাণসামগ্রী রাখার ঘরে আগুন দেওয়া হয়। আগুন দেখে মোস্তাকার বসতঘর থেকে বের হলে তাকে ধরে আগুন দেওয়া ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় পারভীনের লোকজন। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে গেলে দরজা ভেঙে মোস্তাকারকে উদ্ধার করা হয়। আগুনে তার শরীরের তলপেট থেকে পা পর্যন্ত এবং একটি হাতের কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও কমলগঞ্জ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত