ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে নিয়োগ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার পার্লামেন্টে শপথ নেবেন তিনি। এ মাসের শুরুর দিকে অন্তর্বর্তীকালীন নির্বাচনে জয়লাভ করেন সংস্কারপন্থি প্রার্থী পেজেশকিয়ান। খবর এএফপির।
খামেনির কার্যালয়ের পরিচালক ধর্মীয় নেতার বার্তা পড়ে শোনান। বার্তায় খামেনি বলেন, ‘আমি বিজ্ঞ, সৎ, জনপ্রিয় ও প্রজ্ঞাবান ব্যক্তি মি. পেজেশকিয়ানের নির্বাচনে জয়লাভের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমি তাকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি।’ ৫ জুলাইয়ের ভোটে ১ কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন পেজেশকিয়ান (৬৯)। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কট্টর রক্ষণশীল প্রার্থী সাঈদ জলিলি।
