পাঁচ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের দাবি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৭:১০ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা  ওই পাঁচ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গতকাল রবিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী সাম্প্রতিক ছাত্র আন্দোলন দমনকে কেন্দ্র করে বিপুলসংখ্যক শিক্ষার্থী, জনতা, পুলিশ ও সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনরূপ হয়রানি না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়কারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্বিচারে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন মহল থেকে অসম্মানজনক বক্তব্য প্রদান এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের সশস্ত্র আক্রমণ আন্দোলনকে সহিংস করে তোলে। এতে বিপুল প্রাণহানিসহ জনসম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে শিক্ষক নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়কারীকে অবিলম্বে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার না করে সাম্প্রতিক আন্দোলনে সব প্রাণহানি ও জনসম্পত্তি ধ্বংসের ঘটনার নির্মোহ ও আন্তর্জাতিক মানদ- বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত