সেই অশ্বিনকে এবার ‘মানকাড আউট’ থেকে বাঁচিয়ে দিলেন বোলার

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৫:৪১ পিএম

আইপিএলে জস বাটলারকে মানকাড আউট করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেট দুনিয়ার একাংশ মনে করে, এই আউট ক্রিকেটের চেতনা বিরোধী। এবার সেই অশ্বিন নিজেই মানকাড আউট হতে হতে বেঁচে গেলেন। বলা ভালো যে, বোলারের বদান্যতায় তিনি রক্ষা পান। সুযোগ পেয়েও বোলার তাকে আউট করেননি।

ভারতে চলছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। এই আসরে ডিন্ডিগুল ড্র্যাগনসের অধিনায়ক অশ্বিন। নেল্লাই রয়্যাল কিংসের বিপক্ষে ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন মোহন প্রশান্ত। অশ্বিন তখন নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। মোহন বল করার আগেই তিনি ক্রিজ ছেড়ে এগিয়ে যান। অশ্বিনকে এগিয়ে যেতে দেখে বল করা থামিয়ে তাকে আউট করার চেষ্টা না করে সতর্ক করেন মোহন।

টিভি রিপ্লেতে দেখা যায়, অশ্বিন ক্রিজ ঢোকার চেষ্টা করলেও তার ব্যাট ক্রিজের দাগ স্পর্শ করেনি। অর্থাৎ, বোলার মোহন চাইলেই তাকে আউট করতে পারতেন। তিনি সেটা কারেননি। মানকাড আউট আইসিসি স্বীকৃত হলেও অনেকে এটাকে সঠিক মনে করেন না। তাদের কাছে ক্রিকেটীয় চেতনা গুরুত্বপূর্ণ। আরেক পক্ষের মতে, যেহেতু এটা আইসিসি স্বীকৃত আইন, তাই এভাবে আউট করতে সমস্যা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত