সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি টিম অভিযোগ অনুসন্ধান করছেন।
দুদকের তথ্যমতে, অভিযুক্ত পিএসসির পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বিভিন্ন সিন্ডিকেটের কাছে বিক্রয়সহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের তথ্যমতে, গত ১০ জুলাই পিএসসি থেকে দুদকে পাঠানো এক চিঠিতে উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
পিএসসির সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) জামিলা খাতুন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ৫ জুলাই পিএসসি কর্তৃক গৃহীত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ করে পরীক্ষার আগে প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণ করার অভিযোগে পিএসসির পাঁচজনসহ অন্যদের আসামি করে সিআইডি মামলা করে। মামলার আসামিরা বিভিন্ন অসাধু উপায়ে সম্পদ অর্জন করে নিজেদের ভোগদখলে রেখেছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
অবৈধ উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তির মালিকানা অর্জন দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর তফসিলভুক্ত অপরাধ হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তাই পিএসসির পাঁচজন কর্মচারীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে পিএসসিকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। ওই চিঠির ভিত্তিতে পিএসসির কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক।
