বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুনরায় তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াতের আদালতে মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণের দিন ধার্য ছিল। তবে এ দিন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। শুনানি শেষে আগামী ২২ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশের জন্য দিন রেখেছে আদালত।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। গত বছর ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপপরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন।
