মার্চ ফর জাস্টিস: লক্ষ্মীপুর আদালত চত্বরে দুই পক্ষের হাতাহাতি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৫:৫৫ পিএম

লক্ষ্মীপুরে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে ছাত্রদের পক্ষে কিছু আইনজীবী বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগের আইনজীবীরা বাধা দেন। এতে দু-পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি সৃষ্টি হয়। পরে পুলিশ দু-পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিন বাগবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। সেখানেও পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সেখানেও কিছু সময় দু-পক্ষের মধ্যে উত্তোজনা দেখা দেয়। এ সময় পুলিশ এক ছাত্রকে আটক করে নিয়ে যায়।

এদিকে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, আদালত চত্বরে কোনও বহিরাগত যেন বিক্ষোভে অংশ নিতে না পারে সেদিকে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ ছাড়া কিছুসময় আইনজীবীদের মধ্যে উত্তোজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত