সাংবাদিকদের পলক

টেলিকম ও আইসিটি খাতে ক্ষতি ১৮ হাজার কোটি টাকা

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:১৫ এএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ১৮ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের টেলিকম এবং তথ্যপ্রযুক্তি সরকারি-বেসরকারি খাতে বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’

তার মতে, ‘আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে; প্রাণহানি হয়েছে এবং আমাদের অনেক সেবাও ব্যাহত হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনায় আমাদের আর্থিক ক্ষতি প্রায় ১৮ হাজার কোটি টাকা।’

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে টেলিকম ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এই ক্ষতির পাশাপাশি আমাদের জন্য সবচেয়ে বড় যে সংকট, সেটি হচ্ছে যে আমাদের এই টেলিকম এবং আইটি সেক্টরটা অনেকটাই বিদেশি গ্রাহক এবং ক্লায়েন্ট বা বায়ারদের ওপর নির্ভর করে। আমাদের সফটওয়্যার প্রায় ৬০ থেকে ৭০টা দেশে রপ্তানি হয়। সেখানে তাদের সুনাম বজায় রেখে ক্লায়েন্ট ধরে রাখতে হয়।’

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরদিন রাতে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও।

তাতে বিপদে পড়েন তথ্যপ্রযুক্তি-নির্ভর উদ্যোক্তা, ব্যবসায়ী ও মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সাররা। ইন্টারনেট বন্ধ থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি কাজ হারানোর শঙ্কাও তৈরি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত