ভারতের কেরালার ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ৩০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অবশ্য তাদের মধ্যে অনেকের সম্পূর্ণ দেহ উদ্ধার করা যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে থেকে মিলেছে দেহাংশ মাত্র। অন্যদিকে তিন দিন পর চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।
ভূমিধসের পর থেকে গত চার দিনে ওয়েনাড় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে। প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কুকুরকেও এ কাজে ব্যবহার করা হচ্ছে। ত্রাণ এবং উদ্ধারের কাজে গতি আনতে ওয়েনাড়ে ১৯০ ফুট দীর্ঘ বেইলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনা। ৪৮ ঘণ্টার মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এতদিন বিপর্যস্ত এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাচ্ছিল না। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। ওই সেতুর মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার ভোরে রাজ্যের ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় কয়েক দফা ভূমিধসের ঘটনা ঘটে। প্রথম দিন ৪৫ জনের মৃত্যুর তথ্য আসে। কয়েক ঘণ্টার মধ্যেই তা বাড়তে থাকে হু হু করে। শেষ পর্যন্ত গতকাল অবধি তা ৩০০ ছাড়িয়ে যাওয়ার ঘোষণা এলো। এদিকে গতকাল দুর্গত এলাকা পরিদর্শনে যান দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। এই আসন থেকেই তিনি এবার সংসদ সদস্য হয়েছিলেন।
