সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১২:২০ এএম

হাদিসে কোরআন তেলাওয়াতকে সর্বোত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থ না জেনে পাঠ করলেও কোরআনের প্রতিটি হরফের বিনিময়ে দেওয়া হবে ১০টি করে নেকি। পবিত্র কোরআনের এমন বিশেষ কিছু সুরা ও আয়াত রয়েছে, যেগুলোর পাঠ বা আমল আরও বেশি ফজিলতপূর্ণ। সওয়াবের দিক থেকেও অনেক বেশি। তেমনি সুরা হাশরের শেষ তিন আয়াতও বিশেষভাবে ফজিলতপূর্ণ।

হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সকাল বেলা তিনবার ‘আউজুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশ শাইতনির রাজিম’ পড়ে সুরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করে, মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন।

যারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এ সময়ের মধ্যে যদি লোকটি মারা যায়, তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এই শেষ তিন আয়াত সন্ধ্যার সময় পড়বে, তাহলে তারও একই মর্যাদা রয়েছে। (মুসনাদ আহমদ ১৯৭৯৫)

সুরা হাশরের শেষ তিন আয়াতের উচ্চারণ, ‘হুওয়াল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া, আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুওয়ার রহমানুর রহিম। হুওয়াল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। ছুবহানাল্লাহি আম্মা ইশরিকুন। হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাওয়িরু লাহুল আসমাউল হুসনা। ইউছাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া হুয়াল আজিজুল হাকিম।’

অর্থ : তিনিই মহান আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনি দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জানেন। তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনিই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্মশীল। তারা যাকে অংশীদার করে মহান আল্লাহ তা থেকে পবিত্র। তিনিই মহান আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা এবং উত্তম নামগুলো তারই। নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

কোরআন তেলাওয়াতের বিশাল সওয়াব। আমাদের সবার উচিত প্রত্যহ তেলাওয়াতের কাজে নিজেদের নিয়োজিত রাখা। বিশেষ করে কোরআনের বিশেষ ফজিলতপূর্ণ দোয়াগুলো নিয়মিত পাঠ করা। যা পরকালে আমাদের আমলের পাল্লাকে ভারী করবে এবং দুনিয়ার জীবনে বরকত ও প্রফুল্লাতা আনবে। মহান আল্লাহ আমাদের পবিত্র কোরআন থেকে বেশি বেশি করে ফায়দা অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত