গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বজনদের দাবি হত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৬:১৭ এএম

কুমিল্লার হোমনায় সোনিয়া (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়া রাখা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গত বুধবার রাতে নিলখী ইউনিয়নের অযোদ্ধানগর গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সোনিয়া আক্তার তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের মো. শাহজাহানের মেয়ে ও হোমনা উপজেলার অযোদ্ধানগর গ্রামের শহীদ উল্লাহ ব্যাপারীর স্ত্রী। এ বিষয়ে হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কুমিল্লার মুরাদনগরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জেসমিন আক্তার (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলাচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত