ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে একটি মাছ ধরার ট্রলার উল্টে গেছে। এ সময় ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে আরও আটজন। নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
শুক্রবার (২ আগস্ট) বিকালে মাছ ধরে ফিরে আসার সময় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে দুলাল চৌকিদারের মালিকানাধীন ট্রলারটি উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৩ জেলে নদীতে পড়ে যান। পরে অন্য আরেকটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে পাঁচ জেলেকে উদ্ধার করে। বাকি আট জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন—নুর আলাম, কবির, শাহে আলম, বেল্লাল, ছাদেক, সবুজ, হোসেন মাঝি ও জাহাঙ্গীর।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বৈরী আবহাওয়ার মধ্যে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ইউনিয়নের শুকনাখালী মৎস্যঘাট থেকে দুলাল চৌকিদারের একটি মাছ ধরার ট্রলার সাগরের মোহনা ঢালচরের শিবচর এলাকায় যায়। এতে ১৩ জন জেলে ছিলেন। মাছ ধরে ফিরে আসার সময় ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। পরে আরেকটি মাছ ধরার ট্রলার এসে পাঁচজনকে উদ্ধার করলে আটজন এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে ঘটনাস্থলে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
