সেই প্রধান শিক্ষককে স্কাউট কমিশনার থেকে বহিষ্কার

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:৪১ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে অর্জুনা মহসীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে যৌন হয়রানির অভিযোগে উপজেলা স্কাউট কমিশনার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তাকে বহিষ্কার করা হয়। পরে ভারপ্রাপ্ত স্কাউটের কমিশনারের দায়িত্ব দেওয়া হয় ফলদা রাম সুন্দর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে।

এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের একজন নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে অর্জুনা মহসীন উচ্চবিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, কাজী জহুরুল ইসলাম প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে একজন নারী শিক্ষককে যৌন হয়রানি ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এ ছাড়া তার প্রতিষ্ঠানের আরও কয়েকজন নারী শিক্ষককে তিনি মোবাইলে এবং মেসেঞ্জারে কু-প্রস্তাব দিতেন। উপজেলা স্কাউটের অর্থ সম্পাদক শাহ আলম সরকার বলেন, গত বৃহস্পতিবার উপজেলা স্কাউটের সভাপতি এবং ইউএনও কার্যালয়ে স্কাউটের মিটিং হয়। সেখানে নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগ ওঠা স্কাউট কমিশনার কাজী জহুরুল ইসলামকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। তার স্থলে জাফর ইকবালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা স্কাউটের সভাপতি ও ইউএনও মামুনুর রশীদ বলেন, প্রধান শিক্ষক ও স্কাউট কমিশনার পদ থেকে কাজী জহুরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত