সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। গতকাল শনিবার সেনাসদর, হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যেকোনো পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
আইএসপিআর জানিয়েছে, এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডাররাসহ সব পদবির সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশ নেন।
