আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী হলেন কমলা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৩:১৫ এএম

নভেম্বরের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার পার্টির সংশ্লিষ্ট প্রতিনিধিদের (ডেলিগেট) ভোটে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে ডেমোক্রেটিক পার্টি গত বৃহস্পতিবার থেকে ই-মেইলে ভোটগ্রহণ শুরু করে। সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাদের এ পছন্দের প্রার্থীর কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই ২ হাজার ৩৫০ জন প্রতিনিধির সমর্থন পেয়ে গেছেন হ্যারিস।

কমলা হ্যারিস প্রতিক্রিয়া জানাতে গিয়ে টেলিফোনে বলেন, সম্ভাব্য মনোনীত হতে পেরে আমি সম্মানিত। আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে ৫৯ বছর বয়সী হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন। আসন্ন নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত