গোয়ালন্দে পুলিশি পাহারায় শিক্ষার্থীদের গণমিছিল ও অবস্থান কর্মসূচি

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম

পুলিশি পাহারায় রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন  করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৩আগস্ট) দুপুরের পর সরকারি কামরুল ইসলাম কলেজ এর সামনে থেকে মিছিলটি বের করা হয়।

গণমিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে পুলিশ পাহারায় গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে কর্মসূচি শেষে ফের সরকারি কামরুল ইসলাম কলেজ গিয়ে গণমিছিল শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা “আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে; জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে ; আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না; ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে শিক্ষার্থী ও  সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে আছি।

পরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বরে এসে সমন্বয়করা রবিবার (৪ আগস্ট) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। রবিবার ২টায় সময় সবাইকে একই স্থানে এসে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে কর্মসূচি শেষ করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করেছে। ছাত্রদের আন্দোলন ঘিরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত