প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সাথে বোন শেখ রোহানাকে নিয়ে দেশও ছেড়েছেন। বাংলাদেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার বিকেলে এই সিদ্ধান্ত নেয় বিএসএফ। সংবাদ সংস্থা এএনআই এর বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
বিএসএফের এক কর্মকর্তা এএনআই-কে জানান, বাংলাদেশে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে বোনকে নিয়ে দেশ ছেড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন বিএসএফের ডিজি।
ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয় কড়া সতর্কতা।
এদিকে, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে ঢাকা-সহ দেশের একাধিক জায়গায়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢুকে গিয়েছেন হাজার হাজার মানুষ। ভাঙা হয়েছে শেখ মুজিবর রহমানের মূর্তি।
এমনকি হামলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও। এই পরিস্থিতির মধ্যেই বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান। ঘোষণা করেন, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে।
