ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সোমবার বাংলাদেশ ছেড়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। খবর আনন্দবাজার।
এক সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, এয়ারবেসেই রাত কাটিয়েছেন শেখ হাসিনা।
তবে তাকে বহনকারী উড়োজাহাজটি মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয় বলে জানায়, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
তবে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে রাত কাটিয়ে সকালে পরবর্তী কোথায় গিয়েছেন শেখ হাসিনা তা স্পষ্ট নয়। তবে আনন্দবাজার জানিয়েছে, দিল্লিতেই গোপন আশ্রয়ে রয়েছেন তিনি।
আনন্দবাজার বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। তবে এখনও যুক্তরাজ্য থেকে মেলেনি সবুজ সংকেত। অন্য কোনও দেশে তিনি যাবেন কি না, সেই ভাবনাচিন্তা চলছে। আপাতত সেই চিন্তাভাবনার জন্যই শেখ হাসিনাকে সময় দিয়েছে ভারত।
দিল্লিতে গোপন আশ্রয়ে শেখ হাসিনা, ভবিষ্যৎ নিয়ে ভাবতে সময় দিচ্ছে ভারত