কাশিমপুর কারাগারে মুক্তির দাবিতে বন্দিদের উত্তেজনা

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:১০ এএম

গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুক্তির দাবিতে বন্দিরা কারারক্ষীদের জিম্মি করে বিদ্রোহ করেছে বলে জানা গেছে। সরকারি ঘোষণায় মুক্তি পাবেন এমন খবরে কারাগারের সামনে গতকাল মঙ্গলবার ভিড় করেছেন স্বজনরাও। পরে বিপুলসংখ্যক সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। কারা কর্তৃপক্ষ বলেছে, বন্দিদের মুক্তি দেওয়া হবে এমন কোনো নির্দেশনা তারা পায়নি।

জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে বন্দিরা বিদ্রোহ করলে কারারক্ষীরা তাদের শান্ত করতে ব্যর্থ হন। এ সময় সেখানে আগে থেকে থাকা অল্পসংখ্যক সেনাবাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। উত্তেজনা ক্রমাগত বাড়লে বেলা দেড়টার দিকে অতিরিক্ত সেনাসদস্য হেলিকপ্টারযোগে কারা অভ্যন্তরে এসে বন্দিদের নিয়ন্ত্রণ করেন।

এদিকে কারা অভ্যন্তরে বিদ্রোহের খবর পেয়ে বন্দিদের স্বজনরা সকাল থেকে কারাগারের সামনে অবস্থান করে। এ সময় তাদের সঙ্গে কিছু আন্দোলনকারী তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করে। কারাগারের বাইরে একটি ঝুটগুদামে অগ্নিসংযোগ করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা বাইরের বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি ব্রিগেড মেজর হায়দার বলেন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালার মোবাইল ফোনে অনেকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত