চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার লক্ষ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তারা।
বর্তমান পরিস্থিতিতে সাপ্লাই চেইন, আমদানি-রপ্তানিসহ দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে এবং ব্যবসায়ী ও উদ্যোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এহেন পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে তা অর্থনৈতিক ক্ষেত্রে আরও ক্ষতিসাধন করবে।
অর্থনৈতিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছে এফবিসিসিআই।
