শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী সহিংসতা, লুটপাট ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে ‘সুরক্ষা, সাম্য, ন্যায়বিচার সবার জন্য। লুটপাট সাম্প্রদায়িক হামলাসহ সব সহিংসতা রুখে দিন’ প্রতিপাদ্যে তারা এই কর্মসূচি পালন করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার কর্মসূচির সঞ্চালনা করেন। তিনি বলেন, ‘আগে যেটা ছিল, সেগুলোর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। কারণ এই রাষ্ট্রের মাথা হচ্ছে বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পচে গেছে, ফরমালিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। বিশ^বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে ক্লাস নেওয়া পর্যন্ত এমন কোনো জায়গা নেই, যেখানে অনিয়ম নেই।’
ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক আলী রেজা বলেন, ‘বয়সে যতই নবীন হোক, তাদের প্রতি সম্মান দেখানোর সময় এসেছে। রাষ্ট্র পরিচালনায় তাদের সুযোগ দেওয়ার সময় এসেছে।’
