সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। এমন অবস্থায় জীবনের শঙ্কায় কর্মবিরতির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী’ ব্যানারে পুলিশের একটি অংশ।
গতকাল মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা, পুলিশ সদস্য খুনসহ স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশে প্রায় ৪৫০টি থানা আক্রমণ করে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে; যা সন্ত্রাসী কার্যক্রমের শামিল। এহেন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে ‘বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী’ আজ ৬ আগস্ট (গতকাল মঙ্গলবার) থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে।
এ ঘোষণার পর ঢাকা মহানগর পুলিশ ও খুলনা মহানগর পুলিশের বড় একটা অংশ কর্মবিরতি শুরু করেছে। ফলে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) লাইনের পুলিশ সদস্যরা কর্মবিরতি শুরু করেছেন। গতকাল দুপুর ১২টার পর থেকে নগরীর বয়রাস্থ পুলিশ লাইনের ৫০০ থেকে ৬০০ জন পুলিশ সদস্য কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, খুলনা সদর থানা ও চারটি ফাঁড়ির শতাধিক পুলিশ সদস্যও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
