ওয়ার্কার্স পার্টির বিবৃতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে ছাত্র আন্দোলন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০১:২৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের বিজয়কে অভিনন্দিত করেছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল বুধবার দলটির পলিট ব্যুরোর পক্ষ থেকে কামরুল আহসানের স্বাক্ষরে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ, দেশত্যাগ ও কর্তৃত্ববাদী শাসন অবসানের মধ্য দিয়ে সব ধরনের বৈষম্য নিরসন ও স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ আরেকবার উন্মোচিত হলো।’

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের ধারায় অসাম্প্রদায়িক, গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিহাস নির্ধারিত ভূমিকা রাখবে।

২০০৪ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করা ওয়ার্কার্স পার্টি বলেছে, অতীতেও দক্ষিণপন্থা ও সাম্রাজ্যবাদের অনুগামী শক্তি একই ধরনের কর্তৃত্ববাদী শাসন, অসাম্য ও দুর্নীতির স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করে জনগণের পরিবর্তনের আকাক্সক্ষাকে ধ্বংস করেছিল। এবারও ছাত্র গণঅভ্যুত্থানের বিজয়ের সুযোগে সেই একই শক্তি সারা দেশে ওয়ার্কার্স পার্টিসহ রাজনৈতিক দলের অফিস, বাসা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুট, সরকারি স্থাপনার ধ্বংস, থানা লুট ও পুলিশ সদস্যদের হত্যা এবং বিশেষ করে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী ও আহমদিয়াদের বাড়িঘর, উপাসনালয়ে আক্রমণ চালিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত