১২ পুলিশের লাশ ঢামেকে সহিংসতায় নিহত আরও ৩

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:০৭ এএম

সহিংসতায় নিহত ১২ পুলিশ সদস্যর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে। গতকাল বুধবার এসব মরদেহ মর্গে আনা হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরের পর গতকালও দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ-সহিংসতার খবর পাওয়া গেছে। তবে আগের দুদিনের চেয়ে সহিংসতার মাত্রা কমেছে।

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় পিটুনিতে এক যুবক এবং পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আগের দুদিনের ধারাবাহিকতায় গতকালও আওয়ামী লীগ নেতাকর্মী-সমর্থকদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, লুট, অগ্নিসংযোগের পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার খবর পাওয়া গেছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ ও পরের সংঘর্ষ-সহিংসতায় নিহত ১২ পুলিশ ও একজন আনসার সদস্যের মরদেহ গতকাল ঢামেক মর্গে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), তিনজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন কনস্টেবল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ১৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

নিহতদের মধ্যে রয়েছেন যাত্রাবাড়ী

থানার এসআই সুজন চন্দ্র দে, এএসআই সঞ্জয় কুমার দাস, কনস্টেবল রেজাউল করিম, আনসার সদস্য আবু জাফর, কদমতলী থানার এএসআই ফিরোজ হোসেন, উত্তরা পূর্ব থানার এসআই খগেন্দ্র চন্দ্র সরকার, উত্তরা পূর্ব থানার কনস্টেবল আবু হাসনাত রনি, ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল শহিদুল আলম ও আশুলিয়া থানার এএসআই রাজু আহম্মেদ। নিহত অন্য চার পুলিশ সদস্যের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ভৈরবে সংঘর্ষে নিহত ১ : কিশোরগঞ্জের ভৈরবে দুপক্ষের সংঘর্ষে জহিরুল হক (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের আরও কমপক্ষে ১৫ জন। এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভোলা মেম্বার ও জামির মেম্বারের লোকজনের মধ্যে বিরোধ চলছে। এরই জেরে গতকাল দুপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে জহিরুল হক প্রতিপক্ষের ফলার আঘাতে বুকে আঘাত পান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামির মেম্বার স্থানীয় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জুল হকের সমর্থক এবং ভোলা মেম্বার বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরকার সাফায়েত উল্লাহর সমর্থক।

দাউদকান্দিতে ছাত্রদের ওপর হামলাকারী পিটুনিতে নিহত : কুমিল্লার দাউদকান্দিতে যানজট নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় মাহবুব আলম (২৫) নামে এক যুবক পিটুনিতে নিহত হয়েছেন। বেলা ৩টার দিকে গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল থেকে গৌরীপুর বাজার এবং বাসস্ট্যান্ডে যানজট নিয়ন্ত্রণে কাজ করে ছাত্ররা। দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে চাপাতি দিয়ে ছাত্রদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে ১০-১২ শিক্ষার্থী আহত হয়। পরে হামলাকারী মাহবুবকে গৌরীপুর পশ্চিম বাজারে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহবুব তিতাস উপজেলার লালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী নিহত : পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে সচীন বিশ্বাস সাজু (২২) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাকশী ইউনিয়নের চর রূপপুর (জিগাতলা) উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সচীন নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত বিলাত বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের কর্মী বলে জানা গেছে। জানা গেছে, পাকশী ইউনিয়নের চররূপপুর সড়কের মাথাসংলগ্ন পদ্মার শাখা নদীতে বালু উত্তোলন দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বালুমহলের দখল আর শেখ হাসিনার পতন উদযাপন করতে মঙ্গলবার রাতে চররূপপুর উত্তরপাড়া (জিগাতলা) মসজিদের পাশে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন সচীন। সেখানে তিনি পরে খাবেন বলে মোবাইলে কথা বলার জন্য রাস্তার ওপর আসামাত্রই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে ও পেটে চাকু দিয়ে আঘাত করে মোটরসাইকেলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় ভাঙচুর-অগ্নিসংযোগ : কুষ্টিয়া শহর, শহরতলি, গ্রাম, ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চলছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনা গতকালও অব্যাহত ছিল। এসব সহিংসতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট করে। কুষ্টিয়া রাজবাড়ী সড়কের মাছুদ রুমী সেতু টোল প্লাজা দখল কেন্দ্র করে সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের এবং মিরপুরে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। কয়েকটি জায়গায় যৌন নির্যাতনের ঘটনারও খবর পাওয়া গেছে।

বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ : শরীয়তপুরে শেখ হাসিনা সরকারের পতন উপলক্ষে আনন্দ মিছিল বের করায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মতিনের বাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিরুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা : মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় এক সাংবাদিক ও তার চাচার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার রাতে দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি নাদিম হোসাইন ও তার চাচা গিয়াসউদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হবিগঞ্জে বেক্সিমকোর কৃষি ফার্ম লুট : হবিগঞ্জে বেক্সিমকো কোম্পানির একটি অ্যাগ্রো ফার্মের শতাধিক গরু ও গাড়ল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার রানীগাঁওয়ে গতকাল ভোরে। প্রতিষ্ঠানটির কর্মচারী শাহিন জানান, রাত ১টার দিকে প্রায় দেড়শ লোক ফার্মে হামলা চালায়। তারা ফার্মে থাকা ৫০টি উন্নতজাতের গরু ও ৯০টি গাড়ল নিয়ে গেছে। এ সময় কর্মচারীদের মারধর করে বিভিন্ন যন্ত্রপাতি ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় দুষ্কৃতকারীরা।

নিজস্ব প্রতিবেদক ও সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের দেওয়া তথ্যে প্রতিবেদনটি তৈরি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত