২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৬:২৬ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজমা বেগম (৪০), ফাহাদ আহমেদ (১২) ও হাসাইন আহমেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে উপজেলার বরুণা থেকে শ্রীমঙ্গল শহরের বাড়িতে যাচ্ছিল নাজমা বেগম ও তার স্বজনরা। কালাপুর এলাকায় পৌঁছালে একটি লোকাল বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের জগন্নাথপুর এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেলবাহী ট্যাংকলরির চালক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী গ্রামের সাহাদাৎ হোসেন (৪৫) ও সদর উপজেলার চামেশ্বরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সানাউল্লাহ (৩০)। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ শ্যামলী পরিবহন এবং ঢাকাগামী তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। অতিরিক্ত গতির হওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বিকেলে কাভার্ড ভ্যানচাপায় মো. নাইম (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত জহিরুল হকের ছেলে এবং উত্তরা টেকনিক্যাল কলেজের বিএসসির শিক্ষার্থী। এ সময় তার সঙ্গে থাকা এক নারীশিক্ষার্থী গুরুতর আহত হন। কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত