পাকিস্তানে গত বছরের ৯ মে সহিংসতার ঘটনায় শর্তসাপেক্ষে ক্ষমা চাইতে প্রস্তুত আছেন বলে ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তবে ক্ষমা চাওয়ার আগে ওইসব সহিংস ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে অস্থায়ীভাবে স্থাপিত আদালতকক্ষে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী এ কথা বলেন। ইমরান বলেন, গত বছরের ৯ মে একটি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে তার গ্রেপ্তার হওয়ার পর সহিংসতার ঘটনায় পিটিআই সদস্যরা যদি জড়িত থাকেন, তবে তিনি ক্ষমা চাইবেন। তাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে হওয়া বিক্ষোভ-সহিংসতার ঘটনায় সামরিক স্থাপনাসহ পাকিস্তানের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা হয়েছিল। দেশটির সামরিক, বেসামরিক নেতৃত্ব তখন আর্মি অ্যাক্টের আওতায় সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছিল।
ইমরানের দাবি, তার দল সহিংসতার সঙ্গে জড়িত ছিল না। সহিংসতার ঘটনা পূর্বপরিকল্পিত। বিরোধী দলটির ওপর দমন-পীড়ন চালাতেই এমন পরিকল্পনা করা হয়েছিল।
