প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। ওই কর্মকর্তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো। আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হলো। তবে এ নির্দেশনা আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস-১) বেলাল উদ্দিন বলেন, ‘প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।’
প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার আগে-পরে রাজধানী ঢাকা দেশের বহু থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান পুলিশ সদস্যরা। ভেঙে পড়ে বেশিরভাগ থানার কার্যক্রম। পাঁচ দিন পর গতকাল সেনাসদস্যদের সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে।
