গাজীপুরের কালিয়াকৈরে খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন তিন মাদক ব্যবসায়ীরা। গতকাল রবিবার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের পাশের পুলিশ বক্সে বেঁধে রাখেন শিক্ষার্থীরা।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জের সদর থানার গোরাচালা এলাকার নজরুল ইসলামের স্ত্রীর ফাতেমা আক্তার (৩৭), বগুড়ার শেরপুর থানার বাঘা বটতলার এলাকার ফয়েজ মিয়ার ছেলে মিরাজ হোসেন (২০) ও কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার হাবিব হোসেনের ছেলে সজিব হোসেন (১৮)।
জানা যায়, ফাতেমা আক্তার দীর্ঘদিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে ফাতেমা হোটেল নামে খাবার হোটেল পরিচালনা করে আসছিলেন। মালিকসহ বেশ কয়েকজন খাবার হোটেলের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল রবিবার সকালে শিক্ষার্থীরা ওই খাবার হোটেলে তল্লাশি চালিয়ে ফাতেমা, মিরাজ ও সজিবের কাছ থেকে গাঁজা উদ্ধার করেন শিক্ষার্থীরা। এরপর তাদের পাশের হাইওয়ের চন্দ্রা পুলিশ বক্সে বেঁধে রাখা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন তারা। শিক্ষার্থীরা বলেন, তিন মাদক ব্যবসায়ীকে পুলিশ বা সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হবে।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের ছাত্র মেহেদী হাসান জানান, মাদক ব্যবসায়ী তিনজনকে আটকে রাখা হয়েছে। তারা মাদক ব্যবসা করতেন বলে জানা গেছে।
