বিষোদগার চলছেই

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫১ এএম

ধনকুবের ইলন মাস্ককে সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাইবার হামলার জেরে গতকাল মঙ্গলবার নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটির সরাসরি প্রচার শুরু হয়। তাতে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে ওই সাক্ষাৎকারে তিনি বরাবরের মতো তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেনেরও।

কমলা হ্যারিস আরও বেশি ও দীর্ঘ সাক্ষাৎকার না দেওয়ায় তার সমালোচনা করে ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিশ্চিত হওয়ার পর থেকে কমলা কোনো দীর্ঘ সাক্ষাৎকার দিচ্ছেন না; যেমনটা এখন তিনি (ট্রাম্প) করছেন। ট্রাম্প বলেন, এমন অনুষ্ঠানে অংশ নেওয়াটা মজার বিষয়। প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন প্রেসিডেন্ট প্রার্থী প্রশ্নের জবাব দিতে পারছেন না বা কোনো সাক্ষাৎকারে অংশ নিতে ভয় পাচ্ছেন এটা চিন্তা করা কষ্টের। বাইডেনকে নিয়ে ট্রাম্প এমন বক্তব্য দিলেও প্রকৃতপক্ষে মাত্র কয়েক দিন আগেই সম্প্রচারমাধ্যম সিবিএসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে মাস্ক দাবি করেছেন, কমলা হ্যারিস তাকে সাক্ষাৎকার দেবেন না। বর্তমানে নিয়মিতভাবে নির্বাচনী সমাবেশ করছেন কমলা। তবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরু করার পর তিনি গণমাধ্যমে বড় কোনো সাক্ষাৎকার দেননি।

এদিকে মার্কিন ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চাই। চাই, শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্ব জুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে। ট্রাম্পের দাবি, শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে।

ট্রাম্প দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এমন একটি আইনে স্বাক্ষর করেছেন, যেখানে পাবলিক বিদ্যালয়গুলোতে ছেলেদের শৌচাগারে স্যানিটারি ন্যাপকিন রাখার বিষয়ে বিদ্যালয় কর্র্তৃপক্ষকে অনুমোদন দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত