চট্টগ্রামের আনোয়ারায় সহিংসতার উদ্দেশ্যে এসে সেনাবাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসীর লাঠির আঘাতে পড়ে যাওয়া একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত সোমবার রাত ২টার দিকে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যুবক ইমন দত্ত বলেন, ‘রাতে আমরা কয়েকজন সোয়া পুকুরপাড়ে বসেছিলাম। এ সময় একটি মাইক্রোবাস দেখে আমরা যাত্রীদের পরিচয় জানতে চাই। তাদের কথাবার্তায় সন্দেহ হলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। পরে দুর্বৃত্তরা মাইক্রোবাসের জানালা দিয়ে গুলি করার সময় স্থানীয়দের লাঠির আঘাতে একজনের হাত থেকে গুলিসহ একটি অস্ত্র পড়ে যায়।’
আনোয়ারায় দায়িত্বরত সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীসহ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি শটগান ও গুলি উদ্ধার করা হয়।
