সদরঘাট থেকে গ্রেপ্তার আনিসুল-সালমান

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:২০ এএম

সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর সময় গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় তারা কোস্টগার্ড সদস্যদের হাতে ধরা পড়েন বলে জানিয়েছে পুলিশ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় নিউমার্কেট থানায় হওয়া একটি হত্যা মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আজ বুধবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুই প্রভাবশালী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘নৌপথে পালিয়ে যাওয়ার সময় সন্ধ্যায় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর নিউমার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ডিএমপির দায়িত্বশীল এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ছাত্র ও একজন হকার। ওই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এ দুই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে তাদের আজ আদালতে পাঠানো হবে। এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও দলটির অন্য নেতারা আড়ালে চলে যান। আবার কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

গ্রেপ্তার সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সালমান এফ রহমান ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন থেকেই তিনি ওই সময়ের প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান।

আর আইনজীবী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই তাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত