চট্টগ্রাম প্রেসক্লাবে ঢুকে হামলা, আহত ২০ সাংবাদিক

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪৭ পিএম

চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৪ আগস্ট) বিকেলে এই হামলায় প্রেসক্লাবের অন্তত ২০ জন সদস্য আহত হয়েছেন।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে প্রেসক্লাবের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে। এরপর তারা প্রেসক্লাব ভবনের চতুর্থ তলায় ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায়। এ সময় ক্লাবে অবস্থানরত সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয়। তাদের হামলায় অন্তত ২০ জন সাংবাদিক আহত হয়েছে।

এ সময় আরো অনেক সাংবাদিক ক্লাবে আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বের করে দেয় এবং আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক পৃথক বিবৃতিতে হামলার ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনায় জড়িত দুস্কৃতীদের শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা প্রেসক্লাবের নিরাপত্তা বিধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত