জুবাইদা রহমান বললেন

শোককে শক্তি করে এগিয়ে যাওয়া সংকটে সাহস জোগাবে

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৭ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাওয়ার মানসিকতা ভবিষ্যতের সব সংকট মোকাবিলায় সাহস জোগাবে। মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা সামলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীসহ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা যে সাহস, দৃঢ়তা দেখিয়েছেন, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস। গতকাল মঙ্গলবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডি, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক বার্ন ইনস্টিটিউট। গত বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়াসহ মোট ৩৫ জন নিহত হন। এ ছাড়া যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। দুর্ঘটনার পর দগ্ধ-আহতদের বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল এই দুর্ঘটনার এক বছর পূর্ণ হয়।

জুবাইদা রহমান বলেন, আজ এমন একটি দিন, যেদিন দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত। আকস্মিক ও ভয়াবহ এই দুর্ঘটনায় সবাই হতভম্ব ও নিরুপায় হয়ে পড়েছিলেন। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও তারা যে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি তা কোনো দিন ভুলবে না।

সেই সময় উদ্ধার, চিকিৎসাসহ বিভিন্ন সহায়তায় এগিয়ে আসা ব্যক্তিদেরও ধন্যবাদ জানান জুবাইদা রহমান। তিনি ফায়ার সার্ভিস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বার্ন ইনস্টিটিউটের প্রতিনিধিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রমুখ। অনুষ্ঠানে মাইলস্টোন ট্র্যাজেডির সময় দায়িত্ব পালন করা বিভিন্ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও চিকিৎসকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত