ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৫ এএম

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন ট্রাক ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন, তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মেতালেবের মেয়ে শিলা আক্তার এবং নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ।

জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশের ট্রাক ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবেদা খাতুন ও শিলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার খোর্দ্দযোগিনী উল্লেখ থাকলেও প্রাথমিক অনুসন্ধানে ওই পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের মিল পাওয়া যায়নি। ফলে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত