জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৬ এএম

টেকনাফে নাফ নদ পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমার জান্তা সরকারের এক বিজিপি সদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। গত সোমবার তাদের আটক করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলার পর দুপুরে কক্সবাজার সহকারী জজ আদালতে আনা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটককৃতরা হলেন, মিয়ানমারের ইয়াঙ্গুনের শ্বে পাউত কান্ট কোয়ার্টার এলাকার বাসিন্দা ইউ সান ইয়ের ছেলে হেইন ডে হটেট, মংডু শহরের মেতাগে এলাকার বাসিন্দা নি আং হ্লার ছেলে হেইন জাও ও মান্দালয়ের বাসিন্দা ইউ সেইন হ্লা তুনের ছেলে কিয়াও নাইং।

গত ২০ জুলাই টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহলরত অবস্থায় বিজিবি জানতে পারে, বিআরএম ৭ থেকে ৮০০ মিটার দক্ষিণ-পূর্বে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়াসংলগ্ন নাফ নদ সীমান্ত দিয়ে জান্তা সরকারের বিজিপির কয়েকজন সদস্য টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে। তৎক্ষণিক টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে গোয়েন্দা সদস্যদের সহায়তায় বিশেষ টহল নাফ নদ সাঁতরে তিনজনকে আটক করে। এদের মধ্যে একজন মিয়ানমার বিজিপির সদস্য এবং অপর দুজন মিয়ানমার পুলিশের সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত