বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার যশোর বিমানবন্দর পরিদর্শন করেছেন। বিমানবাহিনী প্রধান ‘In Aid to Civil Power’-এর আওতায় ওই বিমানবন্দরে বিমানবাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন ও তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সব বিমান ও হেলিকপ্টারগুলো দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সর্বাত্মক সহায়তার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। জাতির বৃহত্তর প্রয়োজনের অংশ হিসেবে সম্প্রতি অত্র ঘাঁটির দেশপ্রেমিক বৈমানিকরা দুঃসাহসিক হেলিকপ্টার অভিযানের মাধ্যমে যশোর শহরে অবস্থিত বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে আটকেপড়াদের সফলভাবে উদ্ধার করে।
বিমানবাহিনী প্রধানের পরিদর্শন কার্যক্রম চলাকালে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা), বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যশোর বিমানবন্দরের ব্যবস্থাপকসহ বিভিন্ন পদবির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। আইএসপিআর
