পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫৯ এএম

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৩ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা বর্তমানে র‌্যাবে কর্মরত (অতিরিক্ত পুলিশ সুপার) শাহেদা সুলতানাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মাবুদকে ঢাকা পুলিশ টেলিকম সংস্থায়, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। আর ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদ হাসানকে এসবিতে বদলি করা হয়েছে। গত ২৬ মে তাকে দিনাজপুরের বীরগঞ্জ সার্কেলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এ আদেশে সেটি বাতিল হলো।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন, পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার জাহান, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজীবুল হাসান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার এম শাহরিয়ার আবদুল্লাহ বিন-ফরিদ ও নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন রেজাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানিকে খাগড়াছড়ি এবিপিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

র‌্যাবের সেই নারী কর্মকর্তাকে বদলি :  র‌্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত এ নারী কর্মকর্তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রজ্ঞাপনে শাহেদা সুলতানাসহ ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

জানা গেছে, চলতি বছরের ৪ মে রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক আইজিপি বেনজীর আহমেদ সিঙ্গাপুর এয়ারলাইনসে ওঠার জন্য শেষ সিকিউরিটি চেকের জন্য যাচ্ছেন।

বেনজীরের কাগজপত্রসহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হেঁটে যাচ্ছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন ধরেই বেনজীরের পরিবারের আস্থাভাজন। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র‌্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন। পরে যখন বেনজীর আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র‌্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেওয়া হয়। বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান তখন তিনি র‌্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজীরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত