দেশে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি দুই সংগঠনের প্রতিবেদন প্রকাশ করেছে। যাত্রী কল্যাণ সমিতি ও রোড সেফটি ফাউন্ডেশনের করা গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনে দুই রকম তথ্য পাওয়া যায়।
যাত্রী কল্যাণ সমিতি বলছে, গত জুলাই মাসে ৩৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৭২ জন নিহত, ৫৪৩ জন আহতের তথ্য পাওয়া গেছে। এই মাসে রেলপথে ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত, চারজন আহত হয়েছে। নৌ-পথে ১৬টি দুর্ঘটনায় ২০ জন নিহত, ১৪ জন আহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৭৪টি দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছে। এই সময়ে ১০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২১ জন নিহত, ৮১ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক ৪৪ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫২ শতাংশ ও আহতের ১৪ দশমিক ৯১ শতাংশ।
অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, গত মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫২টি। এতে নিহত হয় ৪৮৭ জন এবং আহত ৬৭৯ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৭১। ১৭৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৬ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ০৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯ দশমিক ১৫ শতাংশ। দুর্ঘটনায় ১১৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ২০ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৮ জন, অর্থাৎ ১৩ দশমিক ৯৬ শতাংশ। এছাড়া, এই সময়ে ছয়টি নৌ-দুর্ঘটনায় আটজন নিহত, ১১ জন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ১৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ছয়জন আহত হওয়ার খবর জানায় সংগঠনটি।
