দুই হারের পর আবার জয়

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:১৬ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে জয় দিয়ে বহুদলীয় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। এরপর টানা দুই ম্যাচে হার সইতে হয় দলটিকে। চতুর্থ ম্যাচে এসে আবার জয়ের পথে ফিরল এইচপি। বৃহস্পতিবার রিপন মণ্ডল ও আবু হায়দার রনির বোলিং নৈপুণ্যের পর জিশান আলমের দারুণ ফিফটিতে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে তারা।

ডারউইনের টিআইও স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। দলটির হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার মিকে ম্যাকনামরা। এছাড়া স্কট মার্ন ২০, টাইলার হেয়স ১৫* এবং জ্যাক ম্যারন ১৪ রান করেন। আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। ক্যাপিটালের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখান দুই পেসার রিপন ও রনি। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রিপন আর রনি শিকার করেন ২টি। তবে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে আলো কাড়েন মাহফুজুর রহমান রাব্বী। তাতে ৯ উইকেটে ১২৪ রানে থামে ক্যাপিটালের ইনিংস।

১২৫ রানে সহজ লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৫১ রান তোলেন তানজিদ হাসান তামিম এবং জিশান আলম। তানজিদ ১৮ রানে ফিরলেও ফিফটি তুলে নেন জিশান। ৩৬ বলে ৫০ রান করে তবেই থামেন জিশান। এরপর পারভেজ হোসেন ইমন ২৪ বলে ২৩ এবং আফিফ হোসেন ১৮ বলে ১৭ রান করে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। আর ফিনিশিং টাচ দেন অধিনায়ক আকবর আলী ও শামীম পাটোয়ারী। ৬ উইকেট ও ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় এইচপি। ম্যাচসেরা হন জিশান।

৯ দলের এ প্রতিযোগিতায় ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এইচপি রয়েছে তালিকার ৩ নম্বরে। প্রতি দল এ সিরিজে ৬টি করে ম্যাচ খেলবে। আজ দুপুর ২:৩০টায় পাকিস্তান এ এবং আগামীকাল সকাল ১০:৩০টায় পার্থ স্কর্চার্সের বিপক্ষে বিসিবি এইচপি শেষ দুটি ম্যাচ। সেরা চারটি দল আসরের সেমিফাইনাল খেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত