কুমিল্লায় গাড়িচাপায় মা-ছেলের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৫:৩৮ এএম

কুমিল্লা সদরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী মা ও শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ইয়াছিন মিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চৌদ্দগ্রাম উপজেলার আবাসপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) ও তার ছেলে আলভী।

জানা গেছে, রতনপুর গ্রামে বোনের বাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি ভাগলপুরে যাচ্ছিলেন ইয়াছিন মিয়া। তারা দয়াপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও শিশুসন্তান নিহত হয়। গুরুতর আহত হন ইয়াছিন মিয়া।

এদিকে নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় লুলু মুন্সী (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার কাছুটিয়া গলাকাটা ব্রিজ এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া ঢাকার নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল মালেক (২৬) ও রিফাত (১৬) নামে দুই আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তামিম (১৭) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে।

নিহত আবদুল মালেক শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামের ইলাহীর ছেলে ও রিফাত পূর্ব মেলেং গ্রামের রিপন হোসেনের ছেলে। আহত তামিম মদনমোহনপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, আবদুল মালেকের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আবদুল মালেক। অন্য মোটরসাইকেলে থাকা রিফাত ও তামিমকে আহত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় তামিমকে ঢাকায় পাঠানো হয়।

[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আঞ্চলিক সংবাদদাতা, কুমিল্লা, বড়াইগ্রাম (নাটোর) ও দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত