গত সপ্তাহে রাশিয়ার কুরস্কে হঠাৎ করে ইউক্রেনের কয়েক হাজার সেনা প্রবেশ করে। এবার এই অঞ্চলের সুদঝা নামের একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিবিসি, সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কিয়েভের বাহিনী গত বুধবার থেকে কুরস্ক শহরের ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাশিয়ার শহরটিতে অবস্থান করছে। এতদিন রাশিয়ার পক্ষ থেকে কিছু বলা না হলেও ইউক্রেনের প্রেসিডেন্টই প্রথম নিশ্চিত করলেন, শহরটির দখল নিয়েছে তার বাহিনী।
রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় আক্রমণে দখল করা সবচেয়ে বড় শহর সুধজা। যুদ্ধের আগে প্রায় এখানে পাঁচ হাজার মানুষের বাস ছিল। পশ্চিম সাইবেরিয়ার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের পাইপলাইন সুধজার মধ্য দিয়ে ইউক্রেনে প্রবেশ করে। ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পথ হচ্ছে সুদজা। ধারণা করা হচ্ছে, কিয়েভের সেনাদের এই শহর দখলের অন্যতম লক্ষ্য হতে পারে মস্কোর আয়ের লাভজনক উৎস কমিয়ে দেওয়া।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরস্কি বলেছেন, তার সেনারা আকস্মিক আক্রমণ শুরু করার পর রাশিয়ার প্রতিরোধের মধ্যেই ৩৫ কিলোমিটার (২১.৭ মাইল) অগ্রসর হয়েছে এবং ১,১৫০ বর্গকিলোমিটার এলাকা ও ৮২টি বসতি দখল করেছে। দখলে নেওয়া সুদজা শহরের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের অগ্রাধিকার চাহিদা মেটাতে সেখানে একটি সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে।
ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত: জাতিসংঘ