মোদির সঙ্গে ফোনালাপ

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার আশ্বাস ড. ইউনূসের

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৮ এএম

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে দিল্লিকে আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল শুক্রবার সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টেলিফোন কথা হলে, এ বিষয়ে আশ^স্ত করেন প্রধান উপদেষ্টা।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে ফোন কল পেয়েছি। বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত। তিনি বাংলাদেশে হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওইদিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদি। এরপর গতকাল ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদি বাংলাদেশে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত