দোষীদের ফাঁসি চেয়ে রাজপথে মুখ্যমন্ত্রী মমতা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:১৫ এএম

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন চলছে। চলছে নানা কর্মসূচি। এর মধ্যে দেশটির কেন্দ্রীয় সরকারে থাকা ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) পশ্চিমবঙ্গে ছক কষতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস-শাসিত রাজ্য সরকার পতনের। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন উল্টো খেলা। গতকাল শুক্রবার তিনি নিজেই দলের সদস্যদের নিয়ে নেমে গেলেন রাজপথে। মিছিল করে চাইলেন ওই চিকিৎসকের হত্যাকারীদের ফাঁসি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, গত ৯ আগস্ট উত্তর কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়।

ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জয় রায় নামের কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে।

শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে গত সাত দিন কলকাতাসহ রাজ্য জুড়ে চিকিৎসকদের আন্দোলন চলছে। প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। তবে অভিযোগ, মমতার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকার একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে।

আর সেই সুযোগটি নিতে চাইছে বিজেপি। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণাও দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘোষণা দিয়েছেন, শুক্রবার থেকে তারা এ দাবিতে মাঠে নামবেন। তবে দলটির কিছু সদস্য গতকাল আরজি কর হাসপাতালের কাছে অবস্থান ধর্মঘট করতে গেলেও পুলিশের বাধায় তা পন্ড হয়ে গেছে।

এ ছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজ্যব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন, বিকেল ৪টার পর রাজ্য বিজেপির নারী মোর্চা মোমবাতি নিয়ে মিছিল ও মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতার কালীঘাটের বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি সফল হয়নি তাদের।

উল্টো তৃণমূল বলেছে, হামলার পেছনে রয়েছে বিজেপি ও সিপিএমের হাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ হত্যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি গতকাল বিকেলে হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের অবিলম্বে ফাঁসির দাবিতে কলকাতার মৌলালি থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে শামিল হন। এতে যোগ দেন তৃণমূলের নারী সংসদ সদস্য, বিধায়কসহ নেতারা। তারা দাবি তোলেন অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে।

আরজি কর হাসপাতালে পুলিশের ওপর হামলার নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, ‘সারা রাত ঘুমাইনি। জেগে ছিলাম, কখন শান্তি ফিরে আসবে।’ মুখ্যমন্ত্রী কলকাতায় থাকা গান্ধীজির পথে থেকে অহিংস আন্দোলনেরও ডাক দিয়েছেন। মমতা তদন্ত প্রসঙ্গে বলেন, ‘আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না।’ শেষে মমতা স্লোগান দিয়ে বলেন, ‘দোষীদের ফাঁসি চাই। রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের ব্যর্থ করুন। বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি।’

এদিকে আজ শনিবার ভারত জুড়ে চিকিৎসকদের সর্ব্বোচ সংস্থা আইএমএ বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশের সব চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকদের কর্মবিরতির ডাক দিয়েছে।

ওদিকে আরজি কর হাসপাতালে ধর্ষণ করে নারী চিকিৎসকের মৃত্যুর তদন্ত করছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে। সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সঞ্জীব ঘোষকে গতকাল সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে যায় তাদের দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত