ছাত্র আন্দোলন: মৃত্যুর কাছে হেরে না ফেরার দেশে শিক্ষার্থী রিয়াজ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৮:৪৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

নিহত রিয়াজ বরিশালের হিজলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। বর্তমানে হাজারীবাগ সেকশন এলাকায় খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন। বরিশাল মুলাদি সরকারি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। এ ছাড়া ঢাকায় নিউমার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।

নিহত রিয়াজের বড় ভাই রেজাউল করিম জানান, শুধু পরীক্ষার সময় গ্রামে গিয়ে পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসতেন রিয়াজ। ৩/৪ বছর ধরে ঢাকায় খালার ওই দোকানে চাকরি করে আসছিলেন। গত ৪ আগস্ট দুপুরে ঝিগতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সাথে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন তিনি। আহত অবস্থায় অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীর মাথায় গুলিবিদ্ধ হয়েছিল। মরদেহ ময়নাতদন্তেরর জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত