টাঙ্গাইলের ভূঞাপুরে ‘নব রবি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি ’নামে একটি এনজিও সংস্থা গ্রাহকদের সঞ্চয়ের কোটি কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এনজিওর ম্যানেজার, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের খোঁজ মিলছে না। কয়েক মাস ধরে বন্ধ রয়েছে এনজিওয়ের সকল কার্যক্রম। ফলে টাকা ফেরত না পাওয়ার হতাশায় ভুগছেন শতাধিক ভুক্তভোগী গ্রাহক।
সম্প্রতি সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার দাবিতে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকরা এবং একইদিন উপজেলা নির্বাহী (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করে তারা।
অভিযোগ সূত্রে জানা যায়, মুনাফার প্রলোভন দেখিয়ে ভূঞাপুর কাঁচা বাজারে অবস্থিত ‘নব রবি সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি নামে অংশীদার মজনু মন্ডল, মো. মোফাজ্জেল হোসেন , মো. আমিনুল ইসলাম ও নবরবি ম্যানেজার হায়দার আলী কয়েকশ ব্যক্তির নিকট থেকে বিভিন্ন অংকে অর্থ হাতিয়ে নেন। পরে হঠাৎ করে এনজিও সংশ্লিষ্টরা টাকা নিয়ে উধাও হয়ে যায়।
পশ্চিম ভূঞাপুরের ভুক্তভোগী গ্রাহক জাকিয়া বলেন, ‘কয়েক লাখ টাকা নবরবিতে সঞ্চয় রেখেছি। সেই টাকা নবরবি ম্যানেজার হায়দার আলীর কাছে চাইলে তিনি জানান আমি চাকরি ছেড়ে দিয়েছি, মালিকদের কাছে যান। এনজিওয়ের অংশীদারের মধ্যে আমিনুল ইসলাম ও মোফাজ্জেল হোসেন মিঞ্জু কাছে নিকট গেলে তারা বলেন- ম্যানেজারের কাছে যেতে। টাকা চাইতে গেলে এনজিও’র একাধিক অংশীদার একে অপরকে দেখিয়ে দেয় এবং তারা প্রভাবশালী হওয়ায় ভয়-ভীতি দেখায়’।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ জানান, ‘একটি অভিযোগ পেয়েছি। দ্রুতই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এমপিদের কিল-ঘুষিতে রণক্ষেত্র পার্লামেন্ট, দেখুন ভিডিও