ঋণের চাপ সইতে না পেরে গৃহবধূর ‘আত্মহত্যা’

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:১৬ এএম

বগুড়ার আদমদীঘিতে ঋণের চাপ সইতে না পেরে পরিনা বেগম (৩১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নিমাইদীঘি গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিমাইদীঘি গ্রামের শেখ ফরিদের স্ত্রী পরিনা বেগম বিভিন্ন এনজিও থেকে সাপ্তাহিক কিস্তির প্রায় দুই লাখ টাকা উত্তোলন করে সংসার চালাচ্ছিলেন। সম্প্রতি স্বামী-স্ত্রী মিলে ঢাকায় কাজের সন্ধানে যান। ঋণ পরিশোধ করার জন্য কিছুদিন আগে পরিনা ও তার স্বামী ঢাকা থেকে ফিরে ঘরের আসবাব বিক্রি করে দেন।

পরিনা বেগমের বোন আফরোজা বেগম জানান, পরিনা বেগমের ওপর ঋণ পরিশোধের চাপ বেশি হওয়ায় তাকে আত্মগোপনে থাকতে হতো। গত শুক্রবার রাতে পরিনা বেগম তার ঘরে একাই ছিলেন। পরদিন সকালে তার স্বামীসহ স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। পরে স্বজনরা বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থা দেখতে পান। আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বলেন, ‘ঋণের চাপে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত