বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন প্রকাশ দাবি হাফিজের

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:১৯ এএম

‘বিডিআর বিদ্রোহ’র ঘটনা নিয়ে সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন জনগণের সামনে প্রকাশের দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ দাবি জানান তিনি।

হাফিজ উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে গতকাল (শুক্রবার) শপথ নিয়েছেন লে. জেনারেল জাহাঙ্গীর। তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন। কিন্তু এই প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা চাই, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট তা জনসমক্ষে প্রকাশ করা হোক।’

তিনি আরও বলেন, ‘বিডিআরে মেধাবী চৌকস সেনা অফিসারদের পোস্টিং দেওয়া হয়েছিল। এদের প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিচারে হচ্ছে দীর্ঘসূত্রিতা। এভাবে কেয়ামত পর্যন্ত এর বিচার শেষ হবে না। অতি দ্রুত প্রয়োজন লাগলে স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের যাদের ফাঁসির আদেশ হয়েছে প্রত্যেককে ঝুলিয়ে দেন। তাহলে নিহতদের আত্মা শান্তি পাবে।’

প্রতিবেশী দেশ ভারতের নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপি স্থায়ী কমিটির নতুন এই সদস্য বলেন, ‘ভারতকে বলতে চাই, আপনারা স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত