সিক্যুয়েল কি বলিউডের নতুন ‘হিট’ ফর্মুলা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ‘স্ত্রী ২’। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে সিনেমাটি। উদ্বোধনী দিনেই আয় করেছে ৫৪ কোটি রুপি, যার মধ্যে অগ্রিম বুকিং ছিল সাত-আট কোটি রুপি। সপ্তাহের শেষেও এই ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এর আগে গত বছর স্বাধীনতা দিবসে ‘গদর ২’ মুক্তি পেয়ে ইতিহাস সৃষ্টি করে। ‘ওএমজি ২’ও বেশ ভালো করে এবং ‘ভুল ভুলাইয়া ২’ এত বিশাল হিট করেছিল যে, পরে এর তৃতীয় কিস্তি নির্মিত হয়। এ ছাড়া আগামী মাস এবং পরের বছর ফ্র্যাঞ্চাইজি মুভির তালিকায় যুক্ত হচ্ছে ‘সিংহাম এগেইন’, ‘ওয়ার থ্রি’ থেকে ‘হাউজফুল ৫’।

সিনেমার এসব সিক্যুয়েল নির্মাণ কি নতুন হিট ফর্মুলা? এখানে তাদের জনপ্রিয়তার কারণ কী? তারা কি সব সময় প্রত্যাশা পূরণ করে? বলিউড ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, রচয়িতা ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই রহস্য উদঘাটন করেছে ই-টাইমস।

ব্র্যান্ড ভ্যালু

ইউনিভার্স মুভি বা একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির মূল বিষয় হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু, যা আগেই থাকে। বাণিজ্য বিশেষজ্ঞ তরুণ আদর্শ বলেন, ‘দর্শকদের আকৃষ্ট করার জন্য সিক্যুয়েল নির্মাণ একটি দুর্দান্ত সুযোগ। তবে সিক্যুয়েল বা ফ্র্যাঞ্চাইজি প্রত্যাশার বোঝা নিয়ে আসে। ব্র্যান্ড ভ্যালু প্রথম দিন সাহায্য করে কিন্তু তারপর, যখন মিডিয়া ও সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া প্রকাশ্যে আসে, তখন আপনি জানতে পারবেন যে আপনার ছবিটি কোথায় দাঁড়িয়ে আছে।’

লেখক-পরিচালক মিলাপ জাভেরি যোগ করেন, ‘হলিউড হোক বা বলিউড, যখন একটি সফল ফ্র্যাঞ্চাইজি থাকে, তখন তা অনেক বেশি সাহায্য করে। এটি একটি বিশাল সুযোগ। ‘স্ত্রী ২’ যা করেছে তা অবিশ্বাস্য। তবে দীনেশ ভিজান ও তার দলকে কৃতিত্ব দিতেই হবে যে তারা এটিকে ‘স্ত্রী ২’ পর্যন্ত তৈরি করেছে। তারা ধাপে ধাপে এটি তৈরি করেছে। আমার মনে হয়, ‘মুঞ্জিয়া’র সাফল্য এক অর্থে ‘স্ত্রী ২’-এর সাফল্যে কাজ করেছে। ‘মস্তি’, ‘ধামাল’ ফ্র্যাঞ্চাইজি, ‘গোলমাল’, রোহিত শেঠির কপ ইউনিভার্সের মতো আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজি সিনেমা আছে, যেগুলো জনপ্রিয়।

দর্শকের চাহিদা

ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার ঝুঁকি অনেক বেশি, কারণ তারা সিনেমাপ্রেমীদের বিমর্ষ ও হতাশ করতে চান না। ‘স্ত্রী’র ক্ষেত্রে সিক্যুয়েল বানাতে ভয়ে ছিলেন পরিচালক অমর কৌশিক। ছবিটির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি অভিভূত, কারণ মানুষ সিনেমাটিকে নিজেদের করে নিয়েছে। আপনি যখনই সিক্যুয়েল নির্মাণ করবেন, সর্বদা এটি নিয়ে চিন্তিত থাকবেন। প্রযোজক সিক্যুয়েল চাননি, পরিচালক সিক্যুয়েল চাননি, শুধু দর্শকই চেয়েছিলেন। ছবিতে মানুষ যেভাবে ছোট ছোট জিনিস ধরছে, পরিচালক হিসেবে আমি কৃতজ্ঞ।’

ঝুঁকি এবং চ্যালেঞ্জ

অমর কৌশিক ‘স্ত্রী ২’ নির্মাণের সময় তার চিন্তাভাবনা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ‘যখন সিক্যুয়েল নির্মাণ করবেন, তখন আপনাকে সিনেমার মৌলিকত্ব বজায় রেখে নতুন চরিত্র আনতে হবে। সেটা আমার ভাবনায় ছিল। হাস্যরস আমার সিনেমার একটি বড় অংশ এবং আমার লেখক ও আমি, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে হাসাতে চাই। এ ধরনের পরিস্থিতিতে লেখা কঠিন, কিন্তু যখন আপনার ভালো অভিনেতা থাকে, তখন তারা পর্দায় অনেক কিছু যোগ করে। এটা আমার অর্জন নয়, এতেই বোঝা যায় দলগত প্রচেষ্টা যেকোনো কিছুর জন্য কতটা গুরুত্বপূর্ণ।

ফিরে আসা!

কেউ অস্বীকার করতে পারবে না যে ইউনিভার্স মুভিগুলো নিয়ে একটি গুঞ্জন তৈরি হয়। রাঠি বলেন, ‘সিনেমার প্রথম দৃশ্য যদি আকর্ষণ না করে, তবে এটি ভালো ব্যবসা করবে না। সিক্যুয়েল বা ফ্র্যাঞ্চাইজি হলে প্রথম ও দ্বিতীয় সংস্করণ নিয়ে আগ্রহ থাকে। তাই ‘পুষ্পা ২’ ঘিরে এত গুঞ্জন। তিনি বলেন, ‘টাইগার থ্রি’ ছিল অপ্রতিরোধ্য। আমি এটাকে ‘পাঠান’ বা ‘ওয়ার’-এর সঙ্গে তুলনা করছি না। আমরা এটিও দেখেছি যে আমাদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো কিছুদিন পর মুখ থুবড়ে পড়ে। মার্ভেল ইউনিভার্সে এমনটি দেখেছি, যেখানে অ্যাভেঞ্জার্সের পরে আমরা কোনো সিনেমাকে এই ধরনের আকর্ষণ করতে দেখিনি। আবার ‘ডেডপুল’ নিয়ে মার্ভেলের ম্যাজিক দেখছি। তাই এমন নয় যে, একটি সিনেমা খারাপ হলেই ফ্র্যাঞ্চাইজি ফিরে আসবে না। দীনেশ ভিজনের সঙ্গে যেমনটি হয়েছে, রুহির ব্যর্থতার পর ‘ভেদিয়া’ ও ‘স্ত্রী’ নিয়ে ফিরে এসেছেন।

অনলাইন অবলম্বনে এ এস এম বুখারী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত