চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। মঙ্গলবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। যার মধ্যে আছে ১টি ৭.৬২ মি. মি. রাইফেল চায়না ও ২টি শর্ট গান।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল-উল-আলম জানান, ‘লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ব্যাপারে তথ্য দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নগর পুলিশের উপকমিশনার (সদর) এর কাছে নিকট হস্তান্তর করা হয়েছে।’
সিএমপি জানায়, সরকার পতনের পর দুর্বৃত্তদের তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে নগরের আটটি থানা ও আটটি ফাঁড়িতে। এসব থানা থেকে লুট হয়েছে অন্তত ৫০০ আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার গুলি। লুট করা অস্ত্রের মধ্যে অত্যাধুনিক নাইন এমএম তারাশ ও সেভেন পয়েন্ট সিক্স টু বোরের পিস্তল রয়েছে অন্তত ৩০০টি। থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে গত ১৩ আগস্ট ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। হাতেগোনা কয়েকটি পিস্তল থাকলেও প্রায় ৩০০ পিস্তল চলে গেছে অপরাধীদের হাতে। এসব পিস্তল ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় বিক্রি হচ্ছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা।
ইসরায়েলি হামলায় গাজায় আবারও সাংবাদিক নিহত